প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও দেখে খুঁজে পেয়েছেন তার স্বামী। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় থাকা ওই নারীকে স্থানীয় এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে শনাক্ত করেন তার স্বামী।
পরে গত ২৮ সেপ্টেম্বর গোবিন্দল এলাকায় গিয়ে স্ত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি। দীর্ঘদিন পর স্বামী-স্ত্রীর আবেগঘন পুনর্মিলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ভয়েস অব রবিউল ভাই’ পেজের কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্ত্রী নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল ও মাজারসহ বিভিন্ন স্থানে ঘুরেছেন তার স্বামী। দীর্ঘদিন খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তিনি।
এদিকে নিখোঁজ হওয়ার পর ওই নারী নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। পরে তাকে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। কখনো তিনি মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশেই অবস্থান করতেন।
বিষয়টি নজরে আসে স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের। তিনি ওই নারীর অসহায় অবস্থার একটি ভিডিও ধারণ করে ‘ভয়েস অব রবিউল ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করেন। ভিডিওতে নারীর পরিচয় শনাক্ত করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার একপর্যায়ে তা ওই নারীর স্বামীর নজরে আসে। ভিডিও দেখে তিনি স্ত্রীকে শনাক্ত করেন। পরে পরিচয় ও অবস্থান নিশ্চিত করে গত ২৮ সেপ্টেম্বর গোবিন্দল এলাকায় গিয়ে প্রায় তিন মাস পর স্ত্রীকে খুঁজে পান।
দীর্ঘদিন পর স্ত্রীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী। স্বামীকে দেখেই ওই নারীও তাকে চিনতে পারেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজনও আবেগঘন এই পুনর্মিলনের সাক্ষী হন।
স্ত্রীকে ফিরে পেয়ে স্বামী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর পরিবারের একজন সদস্যকে ফিরে পাওয়ায় স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।
এরপর ২৯ সেপ্টেম্বর তাদের পুনর্মিলনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকে আবেগাপ্লুত হন এবং ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের প্রশংসা করেন।
রবিউল হক বলেন, রাস্তার পাশে ওই নারীকে অসহায় অবস্থায় দেখে তার খুব কষ্ট হয়। তখনই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ উদ্দেশ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ওই নারীর স্বামী ভিডিওটি দেখে যোগাযোগ করেন এবং সিংগাইরে এসে তাকে নিয়ে যান।
রবিউল হক বলেন, ওই নারীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনিও আনন্দিত।
কুশল/সাএ


