রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে অবস্থিত প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ৮ বছর বয়সী ছেলে মো. ওয়াসি। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।
ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলা থেকে ওই তিনজন লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, বিভিন্ন মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েছে পুলিশ। তবে থানায় সরাসরি কেউ অভিযোগ বা খবর দেয়নি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কুশল/সাএ


