নেত্রকোণার দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার চন্ড্রীগড় বাজার ও মধ্যবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। অভিযানে দুর্গাপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। এ ছাড়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানকালে ব্যবসায়ী ও বাজারে আসা সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বাপ্পি/সা.এ


