প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি ও পদায়ন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এসব প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থল ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির বর্তমান রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর নৌপরিবহন মন্ত্রণালয়ের বর্তমান সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের শীর্ষ পর্যায়ের এসব রদবদলের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাপ্পি/সা.এ


