হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এখন থেকে উড়োজাহাজ থেকে নামানোর পর লাগেজ কোথায় যাচ্ছে, কীভাবে পরিবহন ও বাছাই করা হচ্ছে এবং কখন বেল্টে পৌঁছাচ্ছে—সবই সরাসরি মনিটরে দেখতে পারবেন যাত্রীরা।
এ লক্ষ্যে বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, পরিবহন, বাছাই ও নির্ধারিত বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন যাত্রীরা। এতে লাগেজ সংগ্রহ নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ কমার পাশাপাশি লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বেবিচক জানিয়েছে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিসহ দেশি-বিদেশি সব যাত্রী যেন ভ্রমণ শেষে নিরাপদে ও নিশ্চিন্তে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু করা হয়েছে।
কর্তৃপক্ষের আশা, নতুন এই নজরদারি ব্যবস্থা লাগেজ ব্যবস্থাপনায় যাত্রীদের আস্থা বাড়াবে। একই সঙ্গে বিমানবন্দরের সেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের আধুনিক বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।
বাপ্পি/সা.এ


