বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি। এ ঘটনায় তিনি দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
আতিকুজ্জামান সনি বলেন, ১৯৯২ সাল থেকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বেনাপোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বেনাপোল ইউনিয়ন যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত বেনাপোল পৌর বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এবং ২০২২ সালে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও ২০২৫ সাল থেকে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অর্থ, শ্রম, নেতাকর্মী ও মেধা দিয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। বাণিজ্যিক সংগঠনের স্বার্থে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের সঙ্গে বাণিজ্য বৈঠকে অংশ নিতে হয়েছিল। কিন্তু সেই ঘটনাকে পুঁজি করে তাঁকে আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত একদল বিপথগামী নেতাকর্মীকে নিয়ে সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। সনি দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগের কোনো পদে দায়িত্ব পালন করেননি এবং দলটির সভা-সমাবেশ বা মিছিলেও অংশ নেননি।
সংবাদ সম্মেলনে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি ও ট্রাক টার্মিনালের সার্ভিস চার্জ নিয়ে উত্থাপিত অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ট্রাক ও মালামালের নিরাপত্তায় নাইটগার্ডের বেতন বাবদ নিয়ম অনুযায়ী রশিদের মাধ্যমে সার্ভিস চার্জ নেওয়া হয়। এছাড়া কল্যাণ তহবিলসহ বিভিন্ন ফি সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মতিতে নিয়ম মেনেই আদায় ও পরিচালনা করা হয়।
আবু তাহের ভারত পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে প্রচার প্রচারনা করছেন। আমি মেয়র প্রার্থী হওয়াতে সাম্প্রতি আমাকে হেয় করতে এসমস্ত কাজ করছে।
এ সময় আবু তাহের ভারতের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন সনি। তাঁর দাবি, আবু তাহের ভারত আগে ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।আওয়ামী লীগের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হলে তিনি দল পরিবর্তন করেন।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে আতিকুজ্জামান সনি বলেন, রাজনৈতিক জীবনে তাঁর ভূমিকা বিবেচনায় নিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেন এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের নিন্দা জানান।
সাজু/নিএ


