উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এ অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে মনোযোগী হতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। আল্লাহ তায়ালা তাঁদের দেশ ও মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এই সুযোগকে জনকল্যাণে কাজে লাগানো উচিত।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যার হাতে যত দিন সুযোগ রয়েছে, সেই সময়কে দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকের হাতে যত দিন কাজ করার সুযোগ রয়েছে, সেই সুযোগ যেন দেশ ও মানুষের স্বার্থে সঠিকভাবে কাজে লাগানো যায়, সে চেষ্টা করতে হবে।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভবিষ্যতেও পর্যালোচনা সভা করার কথা জানান প্রধানমন্ত্রী। পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ


