শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রী সেজে আটোরিকশায় উঠে মালিককে অজ্ঞান করে ছিনতাই হওয়া অটোরিকশাটি রোববার (১১ অক্টোবর) দুপুরে ফিরে পেয়েছে মালিক মো. ইয়াকুব আলী (৪৫)। এর আগে শনিবার দুপুরে নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা মহল্লার হাবুল দত্তের রাইস মিলের পাশে নালিতাবাড়ী- নয়াবিল মহাসড়কের পাশ থেকে অটোরিকশাটি ছিনতাই হয়ে যায়।
গাড়ির মালিক উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলী জানান, শনিবার দুপুরে পৌরশহরের গড়কান্দা হাসপাতাল মোড় থেকে নয়াবিল যাওয়ার কথা বলে অটোরিকশায় উঠেন অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী। রিকশাটি গড়কান্দা মহল্লার হাবুল দত্তের রাইস মিলের পাশে আসলে চালক ও মালিক ইয়াকুবের নাকের ডগায় একটি গামছা চেপে ধরেন ওই ব্যক্তি। সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে অজ্ঞাত পরিচয়ের ছিনতাইকারী ব্যক্তি অটোরিকশা নিয়ে চলে যান।
প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পেয়ে অটোরিকশার মালিক ইয়াকুব খুঁজতে থাকেন তার অটোরিকশাটি। না পেয়ে হারানো অটোরিকশাটি ফিরে পেতে নালিতাবাড়ী হেল্পলাইন নামে একটি ফেসবুক পেইজে পাবলিক পোস্ট করা হয়। পোস্ট দেওয়ার পর ছিনতাইকারীচক্র রিকশার ১২ ভোল্টের ৫টি ব্যাটারী খুলে নিয়ে শহরের অদুরে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রাখে। একপর্যায়ে স্থানীয়রা রিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে রোববার অটোরিকশার মালিক ইয়াকুব নিজের অটোরিকশা সনাক্ত করে রিকশাটি বুঝে নেন।
ইয়াকুব আলী জানান, অটোরিকশার পাঁচটি ব্যাটারিই ছিনতাইকারীরা খুলে নিয়ে গেছে। এই রিকশাটি চালু করতে হলে নতুন ব্যাটারি লাগাতে হবে। এতে তার খরচ পড়বে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা। যা তার জন্য অনেক কষ্টের ব্যাপার। তিনি অটোরিকশা চালকদের আরো সতর্ক হয়ে অটোরিকশা চালানোর পরামর্শ দেন।


