সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি নাসরুল্লাহ (৩৩) নামে এক ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ির হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে।
নিহতের ছোট ভাই মুফতি আতিকুল্লাহ জানান, রবিবার দুপুরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাফেজ মুফতি নাসরুল্লাহ দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি ঢাকার জামিয়া রবিউল্লাহ ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ থেকে সৌদি আরব যান। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জেদ্দাগামী অন্য একটি বিমানের জন্য অপেক্ষারত অবস্থায় হুতি বিদ্রোহীদের হামলার শিকার হন তিনি।
তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।


