আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের প্রতীকী দায়িত্ব পালন করেছেন ঢাকার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শীতল।
রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন শীতল। বলা হচ্ছে, তার প্রতীকী টেকওভার কন্যাশিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়া, আত্মবিশ্বাস বাড়ানো ও নেতৃত্বের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
শীতল কন্যাশিশুর শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিভিন্ন যুব ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের সাথে কাজ করেছেন। দিনব্যাপী এমন প্রতীকী দায়িত্ব পালনে শীতল বলেন, ‘শিক্ষার সত্যি কোনো বিকল্প নেই, আর এই মুহূর্তে আমাদের হাতে যে সময়টুকু আছে, সেটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। স্যারের দেওয়া উপদেশ ও শিক্ষাগুলো আমি আজীবন মনে রাখব। নিজের পড়াশোনা শেষ করে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য আজ নিজেকে আগের চেয়েও অনেক বেশি সংকল্পবদ্ধ মনে হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, ‘শীতলের মতো প্রতিটি কন্যার স্বপ্নকে এগিয়ে নিতে শিক্ষার দরজা খোলা রাখতে হবে। তাদের কথা শুনতে হবে, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সুযোগ দিতে হবে। কন্যাশিশুর শিক্ষা ও অধিকারে বিনিয়োগ একটি সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার ভিত্তি।’


