২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের কেউ কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে আবেদনের আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তি ও জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।
দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ৫ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীরা ৫ অক্টোবর ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল ৯ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
কারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন
প্রথম ধাপে আবেদন না করা, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া এবং চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন।
এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না কিংবা কোনো কারণে অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান—এমন শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। তবে তাদের আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।
ভুলভাবে কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
প্রথম ধাপে নির্বাচিত না হলে নতুন ফি নেই
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের নিজেদের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদনকারীদের কলেজের বিদ্যমান আসন বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে।
কুশল/সাএ


