দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন এবং রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে—৩৭৮ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০১, খুলনা বিভাগে ২৬৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯, বরিশাল বিভাগে ২১৩, রাজশাহী বিভাগে ১৭৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, ময়মনসিংহ বিভাগে ১২০, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ১১৩ জন।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহে ২০, চট্টগ্রামে ২৩, বরিশালে ১৮, রাজশাহীতে ১৪, রংপুরে পাঁচ এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
কুশল/সাএ


