পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের ঘটনা সাজানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগকারী মিজান (৩৫) ও অভিযুক্ত সাইমুনকে (৩২) গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। তদন্তে ছিনতাইয়ের অভিযোগের আড়ালে ইয়াবা সংক্রান্ত বিরোধের তথ্য উঠে এসেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানা সূত্রে জানা গেছে, সাইমুনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন মিজান। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইমুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার ভিন্ন তথ্য বেরিয়ে আসে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মিজান ১০০ পিস ইয়াবা কিনে আনেন। এর মধ্যে ৫০ পিস একজনকে দেওয়ার পর বাকি ৫০ পিস নিয়ে যাওয়ার সময় কয়েকজন মিলে তাকে আটক করে ইয়াবা ছিনিয়ে নেয়। পরে তারা নিজেদের মধ্যে ইয়াবা ভাগ করে নেয়। ওই ভাগ থেকে সাইমুন ছয় পিস ইয়াবা পেয়েছেন বলে পুলিশকে জানান। তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তদন্তে আরও জানা যায়, মিজান স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে ইয়াবা কেনার সঙ্গে জড়িত ছিলেন। ইয়াবা ছিনিয়ে নেওয়ার বিরোধের পর ঘটনাটিকে ছিনতাই হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহন ও সংশ্লিষ্টতার অভিযোগে মিজান ও সাইমুনসহ জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ছিনতাইয়ের অভিযোগের তদন্ত করতে গিয়ে ইয়াবা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে। পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাপ্পি/সা.এ


