নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রামের একটি পুকুরপাড়ে উসমানের মরদেহ দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী। নিহত উসমান গনি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং একাই নিজ বাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী সৌদি আরবে থাকেন। দুই সন্তান থাকে তাদের নানা বাড়িতে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। লুঙ্গিটি কাছা দেওয়া অবস্থায় ছিল। মরদেহে পাশে একটি ব্যাগে সাতটি নারকেলও ছিল।
অনেকের ধারণা, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে উসমানের মৃত্যু হতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। উসমানের বোন আছিয়া জানান, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি উসমানকে ঘরে রান্না করতে দেখেছেন।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে উসমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।,#
রোহান/সা.এ.


