ঢাকার সাভারের আশুলিয়ায় একটি শাখা সড়কের নিচ দিয়ে মাটি কেটে সুরঙ্গ তৈরি করে পুকুরের ময়লা পানি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বর্জ্যযুক্ত পানি ঢুকে পড়ছে আশপাশের বাসাবাড়িতে। ফলে পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরজমিনে দেখা যায়,আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের একটি সড়কের নিচ দিয়ে মাটি কেটে সুরঙ্গ তৈরি করা হয়েছে। ওই সুরঙ্গের মাধ্যমে দরগার পাড় এলাকার একটি পুকুরের পানি ছেড়ে দেওয়া হচ্ছে। পুকুরের পানির সঙ্গে বিভিন্ন কারখানার বর্জ্য মিশে থাকায় দুর্গন্ধযুক্ত ময়লা পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে এবং অনেক বাসাবাড়িতে ঢুকে পড়ছে।
এতে সড়কে চলাচলকারী পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কর্মস্থলে যাতায়াতকারী পোশাকশ্রমিকদের ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দীর্ঘসময় বর্জ্য পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর আরও অভিযোগ, সড়কের নিচ থেকে মাটি সরিয়ে সেখানে পানি প্রবাহিত করায় সড়কটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সড়কের কোনো অংশ ধসে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, ইয়ারপুর ইউনিয়নের তথাকথিত নেতা দেলোয়ার মীরের নেতৃত্বে তার লোকজন সড়কের নিচ দিয়ে সুরঙ্গ তৈরি করে পানি ছেড়ে দিয়েছেন। দীর্ঘসময় ময়লা ও বর্জ্যযুক্ত পানি জমে থাকায় চুলকানি, ত্বকের বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
তবে এ অভিযোগের বিষয়ে দেলোয়ার মীরের বক্তব্য জানতে ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অভিযোগের বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে কারা এর সঙ্গে জড়িত তা শনাক্ত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত বর্জ্য পানি অপসারণের পাশাপাশি সড়কের নিচ দিয়ে তৈরি করা সুরঙ্গ বন্ধ করে সড়কটি নিরাপদ করা হোক। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রোহান/সা.এ.


