বয়স ৫২ ছুঁয়েছে, কিন্তু কাজলের প্রাণচাঞ্চল্য ও ব্যক্তিত্বে যেন তার ছাপ নেই। নব্বইয়ের দশকে ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এখনো সমানভাবে সক্রিয়। নিয়মিত বড় পর্দায় দেখা না গেলেও ওয়েব সিরিজ ও বেছে নেওয়া সিনেমায় অভিনয় করছেন তিনি।
তারকা পরিবারে জন্ম, তারকা পরিবারের বউ, দুই সন্তানের মা— জীবনের নানা ভূমিকা সামলেও নিজের যত্নে বরাবরই সচেতন কাজল। বয়সের সঙ্গে তাঁর চেহারায় স্বাভাবিক পরিবর্তন এসেছে ঠিকই, তবে ত্বকের জেল্লা ও প্রাণচাঞ্চল্য এখনো নজর কাড়ে। আর এর পেছনে কোনো জাদুর ফর্মুলা নয়, বরং নিয়ম মেনে চলার অভ্যাসকেই গুরুত্ব দেন অভিনেত্রী।
খাওয়ার ব্যাপারে পরিকল্পনা
কাজল একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, খাবারের বিষয়ে তিনি বেশ সচেতন। কখন খাবেন, কী খাবেন এবং কতটা খাবেন—এসব অনেকটাই আগে থেকে পরিকল্পনা করে রাখেন। খাবার উপভোগ করতে ভালোবাসলেও নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করেন না। তবে সবার জন্য একই খাদ্যতালিকা উপযোগী নয়। বয়স, শারীরিক অবস্থা ও দৈনন্দিন কর্মকাণ্ড অনুযায়ী খাবারের পরিমাণ ও ধরন ঠিক করাই বেশি গুরুত্বপূর্ণ।
পরিমিত খাওয়াই মূল কথা
ফিট থাকার জন্য শুধু কী খাচ্ছেন, সেটিই নয়—কতটা খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। কাজল খাবারের পরিমাণ নিয়েও সচেতন থাকার কথা জানিয়েছেন। পছন্দের খাবার একেবারে বাদ না দিয়ে পরিমিত খাওয়ার অভ্যাসই তার জীবনযাপনের অন্যতম বৈশিষ্ট্য। পুষ্টিবিদদের মতে, সুস্থ ওজন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি বজায় রাখতে ভারসাম্যপূর্ণ খাবারের পাশাপাশি পরিমিত খাওয়ার অভ্যাস জরুরি।
নিয়মিত শরীরচর্চা
ডায়েটের পাশাপাশি শরীরচর্চাকেও গুরুত্ব দেন কাজল। বয়স বাড়ার সঙ্গে পেশিশক্তি, নমনীয়তা ও সামগ্রিক ফিটনেস ধরে রাখতে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ। কাজলও নিজের ব্যস্ততার মধ্যে শরীরচর্চার জন্য সময় বের করার চেষ্টা করেন।
ত্বকের যত্নে সরলতা
রূপচর্চার ক্ষেত্রে অতিরিক্ত প্রসাধনীর ওপর নির্ভর করতে পছন্দ করেন না কাজল। তাঁর স্কিন কেয়ার রুটিনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্বক পরিষ্কার রাখা ও আর্দ্রতা বজায় রাখা। অভিনয়ের প্রয়োজনে দীর্ঘ সময় ভারী মেকআপ করতে হলেও দিনের শেষে তা ভালোভাবে পরিষ্কার করে ফেলেন তিনি। মেকআপ নিয়ে ঘুমানোর অভ্যাস নেই তাঁর। মুখ পরিষ্কার করার পর ত্বক আর্দ্র রাখতে উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করেন।
পর্যাপ্ত পানি পান
ত্বক ও শরীর ভালো রাখতে পর্যাপ্ত পানি পানেও গুরুত্ব দেন কাজল। শরীরে পানিশূন্যতা দেখা দিলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। তাই দৈনন্দিন জীবনে পর্যাপ্ত তরল গ্রহণকে নিজের রুটিনের অংশ করেছেন অভিনেত্রী।
কাজলের জীবনযাপনের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট—বয়স থামানোর কোনো চেষ্টা নয়, বরং বয়সের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সুস্থ ও সক্রিয় থাকার ওপরই গুরুত্ব দেন তিনি। পরিকল্পিত খাবার, পরিমিত খাওয়া, শরীরচর্চা, ত্বক পরিষ্কার রাখা ও পর্যাপ্ত পানি পান—এই সাধারণ অভ্যাসগুলোকেই নিজের জীবনে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।
তবে কাজলের রুটিন হুবহু অনুসরণ করার প্রয়োজন নেই। নিজের বয়স, স্বাস্থ্য ও প্রয়োজন অনুযায়ী খাবার ও শরীরচর্চার পরিকল্পনা করাই সবচেয়ে ভালো। কারণ সুন্দর ত্বক কিংবা ফিট শরীরের পেছনে কোনো একক গোপন রহস্যের চেয়ে নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপনই বেশি গুরুত্বপূর্ণ।
বাপ্পি/সা.এ


