বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার সন্ধ্যায় তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় তার তথ্য যাচাই-বাছাইকালে স্টপ লিস্টে নাম থাকায় তাকে আটক করা হয়।
আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় গত ১৭ জুলাই দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনে অভিযোগ রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্বাধীন/সা.এ.


