ঢাকের কাঠি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে নাটোরের মন্দির ও মণ্ডপে মণ্ডপে শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহাষষ্ঠীর দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ষষ্ঠী কল্পারম্ভ ও দেবীর ষষ্ঠী বিহিত পূজার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, বেলতলায় দেবীর ‘অকালবোধন’ আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দেবী দুর্গাকে পূজার জন্য মণ্ডপে আহ্বান জানানো হয়। এরপর ঘটস্থাপন ও দেবীর প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় মূল উপাসনা।
নাটোরের ৪০৩টি মণ্ডপেই ভক্তদের বরণ ও অঞ্জলি প্রদানের আয়োজন করা হয়েছে। এ বছর জেলাজুড়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য নাটোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবের এই দিনগুলোতে দেবী দুর্গার আগমনে ধরায় শান্তি, কল্যাণ ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এমনটাই সকলের প্রত্যাশা।
বাপ্পি/সা.এ


