গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৪৩ জনের। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৬৬৬ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
বাপ্পি/সা.এ


