ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইউনুচ আলী পাটোয়ারীর বয়স ৫৬ বছর। তারা কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
পরে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। মাত্র সাত কার্য দিবসে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়। নিহত নায়েব আলীর পরিবার দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষের এ রায়ে সন্তুষ্ট।
বাপ্পি/সা.এ


