বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ফলে ছয় মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে ধুনট থানায় এই মামলা করেন। অভিযুক্ত জিয়ারুল ইসলাম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের সাত্তার আলীর ছেলে এবং পেশায় একজন আদম ব্যবসায়ী।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর দিনমজুর বাবা-মায়ের বসতবাড়ি অভিযুক্ত জিয়ারুলের বাড়ির পাশেই অবস্থিত। প্রতিবেশী হওয়ার সুবাদে জিয়ারুলের বাড়িতে কিশোরীর যাতায়াত ছিল। গত ১০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে জিয়ারুল কৌশলে ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ভয়ে কিশোরী বিষয়টি তখন পরিবারকে জানায়নি। পরবর্তীতে একই ভয় দেখিয়ে জিয়ারুল ইসলাম আরও কয়েক দফায় তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন ও সমস্যা দেখা দিলে পরিবারের সন্দেহ হয়। গত ৮ নভেম্বর স্বজনেরা তাকে ধুনট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করান। আলট্রাসনোগ্রাম করার পর চিকিৎসক নিশ্চিত করেন যে কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত জিয়ারুল ইসলাম পলাতক রয়েছেন। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীর বড় বোনের করা মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


