দেশের অনেক হাসপাতালের খাবারের মান নিজের স্ত্রীর রান্নার চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুধু মন্তব্যই নয়, তিনি নিজেও হাসপাতালের খাবার খান বলে জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে, ওটা আছে। অথচ বাস্তবতা ভিন্ন। তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।’
অনুষ্ঠানে হামে শিশুমৃত্যুর দায় নিয়ে প্রশ্নের মুখেও পড়েন স্বাস্থ্যমন্ত্রী। এক সাংবাদিক জানতে চান, গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।’
হামের টিকা নিয়েও কথা বলেন তিনি। টিকা ভারত থেকে আনা হয়েছে—এমন প্রচারকে বিভ্রান্তিকর দাবি করে মন্ত্রী বলেন, মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এসব টিকা স্বল্পমূল্যে কেনা হয়েছে বলেও জানান তিনি।
শিশুদের টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলেও তাকে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ৯ নভেম্বরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাধীন/সা.এ.


