পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুন্দরবনের খোলপেটুয়া নদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক জেলে ও বাওয়ালি কয়েকশ নৌকা নিয়ে নদীতে ভাসমান অবস্থায় এই ব্যতিক্রমধর্মী মানববন্ধনে অংশ নেন। উপস্থিত জেলে ও বাওয়ালিদের একটাই দাবি—সুন্দরবন জলদস্যুমুক্ত হোক।
সুন্দরবনে বনদস্যু নির্মূল কমিটির উদ্যোগে গত ২৬ অক্টোবর বনদস্যু নির্মূলে কর্মসূচি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ২৯ অক্টোবর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরায় প্রথম মানববন্ধন, ৩০ অক্টোবর একই স্থানে বিক্ষোভ সমাবেশ, ৩১ অক্টোবর বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে গণমিছিল, ১ নভেম্বর শ্যামনগরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীকে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া ২ নভেম্বর সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে স্মারকলিপি দেওয়া হয়। এরই অংশ হিসেবে খোলপেটুয়া নদীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হলো।
মানববন্ধনে অংশগ্রহণ করেন সুন্দরবনে বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন, মুখ্য সমন্বয়ক মাস্টার আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের সভাপতি ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামানসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবন বনদস্যুমুক্ত হয়েছিল। কিন্তু বর্তমানে নতুন নতুন বাহিনীর নামে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে আর বনে যাওয়া যাচ্ছে না। বক্তারা বনদস্যু নির্মূলে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের ২৪ ঘণ্টার যৌথ টহল, সক্রিয় বাহিনীগুলোকে দ্রুত গ্রেপ্তার এবং স্থলভাগের গডফাদার ও দালালদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কুশল/সাএ


