কুমিল্লার বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলীসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তার ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা রয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলী এলাকায় পথচারী ও সাধারণ মানুষের ওপর অতর্কিত আক্রমণ চালায় একটি বা একাধিক কুকুর। হঠাৎ করে কুকুরের কামড়ে আহত রোগীর সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হিমশিম খেতে হয়। একই সময়ে বিভিন্ন এলাকায় এত মানুষের কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার বলেন, মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২২ থেকে ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন। এগুলো যদি পাগলা কুকুরের কামড় হয়ে থাকে, তবে তা জীবনশঙ্কার কারণ হতে পারে। একই সময়ে এত মানুষ কীভাবে কুকুরের কামড়ে আহত হলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দেওয়া হবে।
স্বাধীন/সা.এ.


