রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ‘ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন।
অভিযান সূত্রে জানা যায়, কালুখালী উপজেলার মৃগী বাজারে অবস্থিত ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ


