বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজাপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক দল এবং শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শ্রী গণেশ (৩৫) ও শ্রী গৌর চন্দ্র (৩২)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাপ্পি/সা.এ


