*সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা*
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, একই দিন সকাল ৬টা থেকে ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র ডাকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারী সংগঠন দুটির দীর্ঘ আলোচনার পর রোববার সন্ধ্যায় অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। তবে সার্বিক পরিস্থিতির বিবেচনায় নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।


