চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম থেকে ১২০ টন বা ১ লাখ ২০ হাজার ৫০ কেজি সরকারি গম জব্দ করা হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) সকালে এসআরবি-৭-এর মুখপাত্র মোসলেহ উদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়। এসআরবি-৭-এর উদ্যোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এ সময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুত করে ব্যবসা পরিচালনা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে ইউনাইটেড ফ্লাওয়ার্স মিলে অভিযান চালানো হয়।
মোসলেহ উদ্দিন জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করা সরকারি খাদ্য অধিদপ্তরের ১ লাখ ২০ হাজার ৫০ কেজি গম পাওয়া যায়। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি মজুত করা সরকারি গম জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এসআরবি-৭-এর এই কর্মকর্তা।


