বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যেন শুধু স্কুলে যাওয়া ও ঘরে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে। তাদের খেলাধুলা ও পড়াশোনার সঙ্গে যুক্ত করতে হবে, যাতে তারা মাদকের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকশিত হয় এবং তারা ইতিবাচক জীবনের পথে এগিয়ে যেতে পারে।
তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের স্থান থাকবে না। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, পড়াশোনার পাশাপাশি বেকার যুবক-যুবতীদেরও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তুলতে হবে। এতে তারা পরিবার ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপচেষ্টার মাধ্যমে সরকার পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ‘সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় সামনে রেখে দেশকে আরও এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানের শুরুতে ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, রেফারি ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান মন্ত্রী। খেলাটি সুন্দরভাবে ধারণ ও প্রচারের জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি।
ময়মনসিংহের সন্তান হিসেবে গর্ব প্রকাশ করে তিনি বলেন, জেলার সংসদ সদস্যদের উপস্থিতি ও খেলাধুলার মানোন্নয়নে তাঁদের আগ্রহ প্রশংসনীয়।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া এবং রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ড. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, দুই দলের খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ


