মুমিনের জীবনে এমন কিছু আমল রয়েছে, যা করতে খুব বেশি সময় বা পরিশ্রমের প্রয়োজন হয় না। অথচ আল্লাহর কাছে এসব আমলের মর্যাদা অনেক বেশি। এমনই দুটি সহজ বাক্য সম্পর্কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন—জিহ্বায় উচ্চারণে হালকা হলেও কিয়ামতের দিন আমলের পাল্লায় এগুলো হবে অত্যন্ত ভারী।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দুটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণে সহজ এবং আমলের পাল্লায় ভারী। তা হলো—‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ (বুখারি: ৬৪০৬)
অর্থ: মহাপবিত্র আল্লাহ এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি মহান।
এই জিকিরের ফজিলত
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠের বিশেষ ফজিলতের কথাও বিভিন্ন হাদিসে এসেছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, তার গোনাহ সমুদ্রের ফেনার মতো অসংখ্য হলেও তা ক্ষমা করে দেওয়া হবে। (বুখারি: ৬৪০৫)
অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। (তিরমিজি: ৩৪৬৪)
এ ছাড়া রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, সে বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে। (তিরমিজি: ৩৩৮৮)
অল্প সময়ে সহজে আদায় করা যায়—এমন এই জিকির তাই মুমিনের দৈনন্দিন আমলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
বাপ্পি/সা.এ


