দেশে ডেঙ্গুর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৩৬ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। সেখানে ৪৩২ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, খুলনায় ২৬৭ জন, বরিশালে ২৫৪ জন, রাজশাহীতে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রংপুরে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। মাসটির প্রথম ২৮ দিনেই ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গুতে মারা যান।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৫৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি আরও গুরুত্বের সঙ্গে মোকাবিলার প্রয়োজন দেখা দিয়েছে।
সাজু/নিএ


