অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই নতুন ইতিহাসের জন্ম দিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড এখন তার দখলে।
৪০ বছর বয়সী টেলরের ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২২ বছর ৪ মাস। এর আগে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের। ২০১২ সালে অবসরের সময় তার ওয়ানডে ক্যারিয়ার ছিল ২২ বছর ৩ মাস দীর্ঘ।
তবে রানের বিচারে এখনও অনন্য উচ্চতায় রয়েছেন শচীন। ৪৬৩টি ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান করে তিনি এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই জিম্বাবুয়ের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হন টেলর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ২০৭টি ওয়ানডে খেলে তার সংগ্রহ ছিল ১১টি সেঞ্চুরি, যা জিম্বাবুয়ের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ।
তবে তার দীর্ঘ ক্যারিয়ারের পথে এসেছে নানা উত্থান-পতন। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেলর। পরে ২০২২ সালে আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি।
নিষেধাজ্ঞা শেষে ২০২৫ সালে আবারও ক্রিকেটে ফেরেন টেলর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আগামী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। সেই বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দলে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন দেশটির অন্যতম সফল এই ব্যাটার।
দীর্ঘ বিরতি, নিষেধাজ্ঞা ও অবসরের অধ্যায় পেরিয়ে ফিরে এসে শচীনের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়া টেলরের ক্যারিয়ারে যোগ করল আরেকটি স্মরণীয় অধ্যায়।
বাপ্পি/সা.এ


