শেষ ষোলোর দ্বিতীয় লেগে করিন্থিয়ান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রোজারিও সেন্ট্রাল। ম্যাচ শেষে ডি মারিয়া বলেন, এই পরাজয় তার প্রত্যাশার সঙ্গে একেবারেই মেলেনি।
ডি মারিয়ার ভাষায়, ‘এটা কঠিন মুহূর্ত। কারণ আমার স্বপ্ন ভিন্ন ছিল, আমার আকাঙ্ক্ষা ছিল অন্যরকম—চালিয়ে যাওয়ার। কিন্তু এটাই ফুটবল। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে আমি কীভাবে এগোতে চাই।’
ডি মারিয়ার এমন বক্তব্যের পরই তার অবসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি এই আর্জেন্টাইন তারকা।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডি মারিয়া গত জুনে রোজারিও সেন্ট্রালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। ইউরোপে দীর্ঘ ১৮ বছর কাটানোর পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শৈশবের প্রিয় ক্লাবে ফিরে আসেন তিনি। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত।
রোজারিও সেন্ট্রালের হয়ে এখন পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। এ সময়ে তার গোল ১৪টি, সঙ্গে রয়েছে সাতটি অ্যাসিস্ট। ২০২৫ সালের প্রফেশনাল লিগে দলকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই মৌসুমে বার্ষিক পয়েন্ট তালিকার শীর্ষেও ছিল রোজারিও সেন্ট্রাল।
আন্তর্জাতিক ফুটবলেও বর্ণিল ক্যারিয়ার রয়েছে ডি মারিয়ার। আর্জেন্টিনার হয়ে টানা দুই কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই তারকা।
আলবিসেলেস্তেদের জার্সিতে ডি মারিয়া খেলেছেন ১৪৫টি ম্যাচ। গোল করেছেন ৩১টি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অন্যান্য বড় শিরোপা জয়ের পর এবার ক্লাব ফুটবলেও ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে ভাবছেন ৩৭ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
তবে রোজারিও সেন্ট্রালের সঙ্গে তার চুক্তি এখনো প্রায় এক বছর বাকি। তাই শেষ পর্যন্ত তিনি অবসরের সিদ্ধান্ত নেন, নাকি আরও কিছুদিন মাঠে থাকার সিদ্ধান্ত নেন—সেটিই এখন ডি মারিয়া-ভক্তদের আগ্রহের বিষয়।
বাপ্পি/সা.এ


