বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপায় রাজু আহম্মেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার দিকে শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। পরে খবর পেয়ে তাঁর ছোট ভাই এসে মরদেহ শনাক্ত করেন। নিহত রাজু আহম্মেদ শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি দুর্ঘটনাস্থলের নিকটস্থ নাবিল হাইওয়ে হোটেলেই কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাজুর ছুটির দিন ছিল। সন্ধ্যা সাতটার দিকে তিনি মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এরপর পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে গেলে শরীর বিকৃত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একই হোটেলে কর্মরত তাঁর ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে এসে রাজুর মরদেহ শনাক্ত করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. পারভেজ আহম্মেদ বলেন, ট্রাকটি চাপা দেওয়ার পর পেছন থেকে আসা গাড়িগুলো একের পর এক ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয় এবং শরীর চেনা যাচ্ছিল না।
শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ধীরগতির হলেও পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
কুশল/সাএ


