মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে কাতারের মধ্যস্থতায় পর্দার আড়ালে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে মতবিরোধ থাকায় চুক্তির পথ এখনো বেশ কঠিন।
রবিবার (৮ নভেম্বর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতার অগ্রগতি হলে দেশটিতে নতুন করে মার্কিন হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।
একই দিনে সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানেও যুদ্ধের উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই বলে জানান তিনি। তবে ইরানের সঙ্গে একটি শক্তিশালী চুক্তি না হলে সামরিক পদক্ষেপের বিকল্পও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে—এমন দাবি করতে রাজি নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার তিনি বলেন, দুই দেশ এখনো কোনো বড় ধরনের সমঝোতার কাছাকাছি পৌঁছায়নি। ইরানের বেশ কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য।
মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের অবস্থানে পরিবর্তন?
যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ পেয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়াও রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।
ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ইরান যুদ্ধের বিষয়টি ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
তবে নির্বাচনের ফলাফলের পরও ইরানে হামলার সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন না ট্রাম্প। একই সিদ্ধান্ত আবার নিতে হলে তিনি হামলার পক্ষেই থাকবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, নির্বাচনের ফলাফলকে নিজেদের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন ভোটাররা তাদের মতামত জানিয়ে দিয়েছেন। এখন ওয়াশিংটনের সিদ্ধান্ত নেওয়ার পালা।
গোপন আলোচনায় ইরানের সাতটি শর্ত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বিস্তারিত প্রকাশ করা না হলেও দুই পক্ষের অবস্থান স্পষ্ট। ওয়াশিংটন চায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হোক এবং দেশটি যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে।
অন্যদিকে, তেহরান পারমাণবিক কর্মসূচিকে নিজেদের সার্বভৌম অধিকারের অংশ হিসেবে দেখে। আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে দেশটি।
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, সমুদ্রপথে মার্কিন অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও রয়েছে।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি জানিয়েছেন, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া কিংবা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার বিষয়ে তেহরান রাজি নয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে—এমন বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে। ওয়াশিংটন চায়, এই ইউরেনিয়ামের মজুত কমানো হোক অথবা নিরাপদে অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক।
তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের জন্য পরিচালিত হচ্ছে।
নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণ নিয়েও দর-কষাকষি
পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের অর্থনৈতিক স্বার্থও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি এবং বৈদেশিক লেনদেনে নানা বাধার মুখে পড়েছে দেশটি। বিভিন্ন বিদেশি ব্যাংকে ইরানের বিপুল পরিমাণ সম্পদও আটকে রয়েছে।
তেহরান চায়, যুক্তরাষ্ট্র এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করুক এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দিক। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করছে তারা।
অন্যদিকে, ওয়াশিংটন চায় পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট নিশ্চয়তা পাওয়ার পরই অর্থনৈতিক ছাড়ের বিষয়টি বিবেচনা করতে। ফলে কোন পক্ষ আগে ছাড় দেবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
কাতারের মধ্যস্থতায় কী হচ্ছে?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। দুই দেশের মধ্যে একটি খসড়া সমঝোতা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক দেশও কূটনৈতিক যোগাযোগে যুক্ত রয়েছে।
রয়টার্সের ৫ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে তেহরানের সাতটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আলোচনা শুরু করতে চায় না দেশটি।
৯ নভেম্বর ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে ইরান পরিস্থিতি ও মধ্যস্থতার উদ্যোগ গুরুত্ব পেতে পারে।
সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা আস্থার সংকট
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির পথে অন্যতম বড় বাধা পারস্পরিক অবিশ্বাস। অতীতে পারমাণবিক আলোচনা চলার মধ্যেই সামরিক সংঘাত শুরু হওয়ায় ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা অনেকটাই কমে গেছে।
ইরানের আশঙ্কা, হরমুজ প্রণালী খুলে দেওয়া কিংবা সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও হামলা চালাতে পারে। এতে সামরিক ও কূটনৈতিকভাবে দুর্বল অবস্থানে পড়বে দেশটি।
অন্যদিকে, ইরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ে উল্লেখযোগ্য ছাড় আদায় করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েল এবং আরব মিত্রদের নিরাপত্তার বিষয়টিও ওয়াশিংটনের বিবেচনায় রয়েছে।
লেবানন, ইরাক ও ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র চায়, এসব গোষ্ঠীর মাধ্যমে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের সুযোগ সীমিত করা হোক।
এ ছাড়া হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধও গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র চায়, আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে প্রণালিটি উন্মুক্ত থাকুক। অন্যদিকে, তেহরান এই জলপথকে নিজেদের কৌশলগত দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও দ্রুত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একদিকে ট্রাম্প নতুন করে হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে সামরিক বিকল্পও খোলা রাখছেন। ইরানও আলোচনার পাশাপাশি সম্ভাব্য নতুন সংঘাত মোকাবিলার প্রস্তুতি বজায় রেখেছে।
তবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চালু থাকা এবং কাতারের মধ্যস্থতায় প্রস্তাব বিনিময় হওয়া কূটনৈতিক সমাধানের একটি সুযোগ তৈরি করেছে। এখন মূল প্রশ্ন—যুদ্ধ বন্ধ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের কঠোর অবস্থান থেকে কতটা সরে আসতে পারে।
সূত্র: রয়র্টাস
বাপ্পি/সা.এ


