ভারতে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে চলমান আন্দোলন দমনে নরেন্দ্র মোদির সরকার শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। একই সঙ্গে ভারতের প্রতিবাদী তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন সাদিক কায়েম।
স্ট্যাটাসে তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে তরুণদের চলমান আন্দোলন দমনে হিন্দুত্ববাদী মোদি সরকার শেখ হাসিনার দেখানো পথে হাঁটছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শনিবার দিল্লিতে আন্দোলন দমনের অংশ হিসেবে কয়েক শ মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নামও উল্লেখ করেন তিনি।
ভারতের বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের তুলনা করে সাদিক কায়েম লেখেন, পুলিশি বাধা, গণগ্রেপ্তার, বিভিন্ন মোড়ে তল্লাশি এবং ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধের চিত্র তাঁদের রক্তঝরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি মনে করিয়ে দেয়।
স্ট্যাটাসের শেষাংশে ভারতের প্রতিবাদী তরুণদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি ইংরেজিতে লেখেন, ‘For every Pharaoh, there is a Musa. Inqilab Zindabad।’ এর বাংলা অর্থ, ‘প্রতিটি ফেরাউনের জন্য একজন মুসা আছেন। বিপ্লব দীর্ঘজীবী হোক।’
বাপ্পি/সা.এ


