এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ নারী ফুটবল দল। উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হেরেছেন আফিদা খন্দকাররা। দুই ম্যাচে মোট ১৬ গোল হজম করলেও আগের ম্যাচের তুলনায় এ দিন ব্যবধান কিছুটা কমাতে পেরেছে দল।
জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে সেরা তারকাদের বসিয়ে রেখে সমালোচিত হওয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার এবার ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও মনিকা চাকমাদের নিয়েই শুরুর একাদশ সাজান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দক্ষিণ কোরিয়া ১৭ মিনিটে কিম মিন-জির হেড থেকে প্রথম গোল পায়। ৪২ মিনিটে একটি বিতর্কিত অফসাইডের মধ্য দিয়ে ব্যবধান ২-০ করে তারা। প্রথমার্ধে গোলরক্ষক রূপনা চাকমার একাধিক চোখধাঁধানো সেভ ও রক্ষণভাগের দৃড়তায় ব্যবধান আর বাড়েনি। আক্রমণভাগে ঋতুপর্ণাও কয়েকটি দারুণ চেষ্টা চালান।
তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৬৫ মিনিটের পর থেকে শেষ বাঁশি পর্যন্ত আরও চারবার গোল উযযাপন করে দক্ষিণ কোরিয়া। মাঝে সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর একটি দূরপাল্লার শট বার উঁচিয়ে না গেলে ব্যবধান কমাতে পারত বাংলাদেশ।
পর পর দুই ম্যাচে পরাজিত বাংলাদেশ দল গ্রুপ পর্বে তাদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে।
বাপ্পি/সা.এ


