সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। জানা যায়, গত মে ২০২৬ সালে কাচিকাটা ক্যাম্পের পায়রা টুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হন বাবলু গাজী। দীর্ঘদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। আজ সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে বাঘের আক্রমণে আহত ভুক্তভোগীদের মাঝে সরকারের “বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা” অনুযায়ী আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, বনসংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে। পাশাপাশি লোকালয়ে বাঘের প্রবেশ রোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করার মাধ্যমে আমরা বন ও বন্যপ্রাণী সুরক্ষার সাথে সাথে স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।


