ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৬৭ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে। অতিথি পাস বরাদ্দ, অভিভাবক নীতিমালা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকে।
শিক্ষার্থীদের অভিযোগ, সমাবর্তন ফি বাবদ ১২ হাজার টাকা নেওয়া হলেও অনেক গ্র্যাজুয়েটকে দেওয়া হয়েছে মাত্র একটি অতিথি পাস। ফলে পরিবারের একাধিক সদস্যকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বাবা বা মা মারা গেছেন, তাঁদের বিকল্প অভিভাবক হিসেবে ভাই, বোন কিংবা অন্য নিকটাত্মীয়কে সঙ্গে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের ভাষ্য, বাবা-মায়ের অনুপস্থিতিতে অন্য কোনো স্বজনকে অভিভাবক হিসেবে সঙ্গে নেওয়ার সুযোগ না থাকায় তাঁরা মানসিকভাবে আঘাত পেয়েছেন। এছাড়া বিবাহিত শিক্ষার্থীদের স্বামী বা স্ত্রীকে সমাবর্তনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ না দেওয়ার বিষয়টিও অসন্তোষের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমাবর্তনের অতিথি মনোনয়নসংক্রান্ত ই-মেইল যোগাযোগ নিয়েও অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অনেকে। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইলে অতিথি মনোনয়নের তথ্য পাঠানো হলেও পাস আউট হওয়ার পর অনেকেই নিয়মিত সেই ই-মেইল দেখেননি।
পরে রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করলে অতিথি তালিকা ও প্রয়োজনীয় প্রটোকল জমা হয়ে যাওয়ার কথা জানিয়ে তাঁদের নতুন করে অতিথি পাস দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।
শিক্ষার্থীরা বলেন, সমাবর্তন তাঁদের শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন উদ্যাপনের অনুষ্ঠান। এ আয়োজনে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া উচিত। অতিথি পাস ও অভিভাবক নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের পারিবারিক পরিস্থিতি ও বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
সমাবর্তনের নীতিমালার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কেউ কেউ সমাবর্তন বয়কট করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন। আবার অনেকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
সমাবর্তন শেষে ফেসবুকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের মতামত ও সমস্যাকে যথাযথ গুরুত্ব দেয় না আইইউবি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার আগে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


