মো. নূর ইসলাম, দিনাজপুর থেকে
একটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল বছরের পর বছর ধরে গড়ে তোলা ব্যবসার সম্বল, শেষ হয়ে গেল ঘর সাজানোর স্বপ্ন। মুহূর্তের ভয়াবহ আগুনে নিঃস্ব হওয়ার পথে দুই ব্যবসায়ী ও একটি পরিবারের সদস্যরা। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ির তিনটি কক্ষ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
সোমবার (৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বাজারের পূর্ব পাশে মোকছেদ চেয়ারম্যানের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোরের নিস্তব্ধতা ভেঙে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দোকান ও বসতবাড়িতে। মুহূর্তেই আগুন গ্রাস করে নেয় ব্যবসার মালামাল, আসবাবপত্রসহ ঘরের মূল্যবান জিনিসপত্র। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ইলেকট্রিক ও অটো সার্ভিসের দোকানসহ পাশের আরেকটি দোকানের সব মালামাল পুড়ে যায়। একই সঙ্গে মার্কেটের মালিকের বসতবাড়ির তিনটি কক্ষও আগুনে পুড়ে যায়। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান ও সাজানো সংসার হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্তরা।
কান্নাজড়িত কণ্ঠে ইলেকট্রিক ও অটো সার্ভিস ব্যবসায়ী এরশাদুল হক বলেন, ‘আমার দোকানে প্রায় ৮০ থেকে ৮৫ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার জীবনের সব সম্বল শেষ হয়ে গেল। এত বড় ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব, কিছুই বুঝতে পারছি না।’
অপর দোকানি রেজাউল ইসলাম বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। এখন আমি কীভাবে আবার ঘুরে দাঁড়াব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
বসতবাড়ির মালিক সোহাগ মন্ডল বলেন, ‘আগুনে আমাদের বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এতে আমাদের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
নবাবগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুসা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি দোকান ও বসতবাড়ির তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
একটি আগুন শুধু কয়েকটি দোকান কিংবা ঘরের আসবাবপত্রই পুড়িয়ে দেয়নি, পুড়িয়ে দিয়েছে মানুষের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। যে দোকান ছিল পরিবারের জীবিকার উৎস, যে ঘর ছিল নিরাপদ আশ্রয়, আজ সেখানেই পড়ে আছে পোড়া ধ্বংসস্তূপ। সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
সাজু/নিএ


