Homeসর্বশেষইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

Published on

spot_img

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের অস্থায়ী রাজধানীতে চালানো এ হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি জানিয়েছেন, এডেনের আল-মাআশিক প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে হামলার সময় সেখানে অবস্থানরত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, হতাহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তাকর্মী ও বেসামরিক কর্মচারীরা রয়েছেন।

অন্যদিকে, হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের হামলার লক্ষ্য ছিল এডেনে অবস্থিত সৌদি বাহিনীর সামরিক পরিচালনা সদরদপ্তর।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া জিন্দানি। একে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি হুথিদের ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডেরই অংশ।

প্রধানমন্ত্রী আরও জানান, হামলা সত্ত্বেও সরকারের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের দক্ষিণ-পশ্চিম উপকূলসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এডেনে হামলার আগে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের মদিনা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে বৃহস্পতিবার সৌদি ভূখণ্ডে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

এর আগে গত শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এদিকে সংঘাত আরও উসকে দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে সৌদি আরব।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী রাইয়েদ ক্রিমলি অভিযোগ করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে হুথিদের অস্ত্র, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছে ইরান।

তার দাবি, সাম্প্রতিক সময়ে হুথিদের সহিংসতা বৃদ্ধির পেছনেও তেহরানের উসকানি রয়েছে।

এ বিষয়ে ইরানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটি বরাবরই হুথিদের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তারা হুথিদের কেবল রাজনৈতিক সমর্থন দিয়ে থাকে।

অন্যদিকে, সৌদি আরব ও হুথিদের মধ্যে আলোচনা শুরুর উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করলে সংঘাত আরও বিস্তৃত হয়।

চলতি বছরের জুলাইয়ে প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়তে শুরু করে। ওই সময় সৌদি আরবের বিরুদ্ধে ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করে হুথিরা। পাশাপাশি সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়ায় তারা।

হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে।

গত সেপ্টেম্বরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মানদাব প্রণালীর কাছে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেয় হুথিরা। এতে আঞ্চলিক সংঘাত নতুন মাত্রা পায় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়।

তবে গত সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করে, সৌদি বিমানবাহিনীর সহায়তায় বড় ধরনের পাল্টা অভিযান চালিয়ে বাব আল-মানদাব প্রণালীসংলগ্ন কয়েকটি কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে দেশটিতে অন্তত ১ হাজার ২৮২ জন নিহত এবং ৫ হাজার ৮৯০ জন আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতে নতুন করে অন্তত ২ লাখ ১ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধের পাশাপাশি দেশটিতে সন্দেহভাজন কলেরা রোগীর সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে।

দীর্ঘদিনের সংঘাত, খাদ্যসংকট, বাস্তুচ্যুতি ও স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয়ে আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটে থাকা ইয়েমেনে নতুন করে সহিংসতা বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।



বাপ্পি/সা.এ

Latest articles

সাবিলা নূরের কারণেই আমার ৭ বছরের প্রেম-বিয়ে ভেঙে গেছে: তিশা

ঢাকাই শোবিজে অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে দাম্পত্য টানাপড়েনের গুঞ্জনের মধ্যেই আলোচনায় এসেছেন চিত্রগ্রাহক...

‘বট বাহিনী’ অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে: বিমানমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বেসামরিক...

ফটিকছড়ির পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মো. ফারুক...

প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থাকতে হবে: বিদ্যুত মন্ত্রী

বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির সরকারে আসার...

More like this

সাবিলা নূরের কারণেই আমার ৭ বছরের প্রেম-বিয়ে ভেঙে গেছে: তিশা

ঢাকাই শোবিজে অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে দাম্পত্য টানাপড়েনের গুঞ্জনের মধ্যেই আলোচনায় এসেছেন চিত্রগ্রাহক...

‘বট বাহিনী’ অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে: বিমানমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বেসামরিক...

ফটিকছড়ির পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মো. ফারুক...