বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শেরপুর, বগুড়ার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।
কুশল/সাএ


