শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসির জনসংযোগ পরিচালক মো.আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে পাঠানো চিঠি থেকে জানা যায়, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের সাধারণ আসনের নির্বাচনের মতো সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনেও ঋণখেলাপিরা যাতে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
নির্বাচন কমিশনের জারি করা তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা-মাতা বা স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলো রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করবে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময়সীমার আগেই ঋণখেলাপ-সংক্রান্ত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
তফসিল অনুযায়ী, তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করে তিনি। এরপরই সংসদ সচিবালয় মিষ্টির আসন শূণ্য ঘোষণা করে।
কুশল/সাএ


