বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গার পানি বণ্টন চুক্তি শুধু নবায়ন না করে নতুন করে পর্যালোচনার কথা বলা হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি সংক্রান্ত বিষয় আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। এর আওতায় কারিগরি পর্যায়ের বৈঠকও চলমান রয়েছে।
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি সই হয়। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা।
ব্রিফিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) সম্ভাব্য ঢাকা সফর নিয়েও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে তার কাছে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান জয়সোয়াল।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জাতিসংঘে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাশ্মীর ইস্যু উত্থাপন করায় আপত্তি জানিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরকে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে এবং এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণ করে না।
ফিলিস্তিন ও গাজা প্রসঙ্গে জয়সোয়াল বলেন, ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের অবস্থান হলো ‘দ্বি-রাষ্ট্র সমাধান’। ভারত এই অবস্থানেই রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিক এবং দেশটির বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বাপ্পি/সা.এ


