দেশে আরও চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। এর আগে কড়ি ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়া হয়েছিল। ফলে সব মিলিয়ে পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রাথমিক অনুমোদনের আওতায় এলো।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের এ সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এলওআই পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। এরপর চূড়ান্ত লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারীদের মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় শাখা ছাড়াই প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। গ্রাহকরা মোবাইল অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হিসাব খোলা, অর্থ লেনদেন, পেমেন্টসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে নগদ ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংকের জন্য এলওআই দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে নগদ ব্যাংকের লাইসেন্স স্থগিত করা হয়; কড়ির ক্ষেত্রেও চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়নি।
বাপ্পি/সা.এ


