রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার আসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পাংশা মডেল থানার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম। মতবিনিময় সভায় ওসি শেখ মঈনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, মাদকের ভয়াবহতা, সাইবার আসক্তি এবং অনলাইন অপরাধের বিভিন্ন ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে তথ্যপ্রযুক্তিকে শিক্ষা ও জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ওসি শেখ মঈনুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগ, গুজব ছড়ানো, ভুয়া তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, একজন সচেতন শিক্ষার্থী শুধু নিজের ভবিষ্যৎই গড়ে না, পরিবার ও সমাজকেও আলোর পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষার্থীদের যেকোনো ধরনের অপরাধ, মাদক বা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ইতিবাচক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এ মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাপ্পি/সা.এ


