ভারতের মুম্বাইয়ে সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে পড়েন বলে অভিযোগ।
গত ১২ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তিনি তাতে রাজি না হলে বিষয়টি রেল কর্তৃপক্ষ ও আরপিএফকে জানানো হয়।
পরে আরপিএফের সহকারী উপপরিদর্শক যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশের অভিযোগ, এ সময় অন্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশের দাবি, পরে অন্তরা নিজের পোশাক খুলে হাতে একটি রেজর ব্লেড নিয়ে আরপিএফ সদস্যদের ভয় দেখান এবং এক কর্মীকে ব্লেড দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এ ঘটনায় অন্তরাও আহত হয়েছেন বলে জানা গেছে।
এফআইআরে যামিনীকান্ত মিশ্র অভিযোগ করেন, অন্তরা তার পোশাক ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করেন। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ট্রেনের ওই কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। কামরা থেকে বের হওয়ার জন্য অন্তরা জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন বলে অভিযোগ।
পরে ডহানু স্টেশনে ট্রেন থামলে অন্তরাকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সরকারি কর্মীদের কাজে বাধা, হামলা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
কুশল/সাএ


