জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং জনগণের-এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি গোষ্ঠী এখনো জুলাইয়ের কৃতিত্ব পকেটস্থ করার বিভ্রান্তিতে রয়েছে। তাদের এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘একদল লোক জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বেশি ব্যস্ত। এই কৃতিত্ব কার এবং কে, কত বেশি তারকায় পরিণত হয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির এই মোহগ্রস্ততা লক্ষ্য করা যাচ্ছে। আমি কাউকে ছোট করছি না কিন্তু এই ধরনের মনোযোগ খুবই হাস্যকর। আমাদেরকে যে কঠিন দায়িত্ব শহীদরা দিয়ে গিয়েছেন, প্রাণ দিয়ে যারা আমাদেরকে ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করতে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয়; তাহলে এতো বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। আমাদের অনেকের মধ্যেই এই সমস্যা থাকতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে, আমরা প্রতিটি মুহূর্তেই চেষ্টা সকল শক্তিকে সাথে নিয়ে একটি অভিষ্ট লক্ষে পৌঁছাতে।’
যারা অভ্যুত্থানের কৃতিত্ব পকেটস্থ করতে চান তাদেরকে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকার প্রধান দেশনায়ক তারেক রহমান বলেছেন, এই অভ্যুত্থানের সকল কৃতিত্ব জনগণের। জনগণই হচ্ছে, সকল ধরনের বিজয়ের কৃতিত্বের মালিক। কোন ব্যক্তি বা গোষ্ঠী যারা এখনো বিভ্রান্তিতে আছেন এবং এই কৃতিত্বকে পকেটস্থ করতে চান। তাদেরকে বিনীতভাবে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাবো।’
বর্তমান সময়ে দেশকে সঠিকভাবে রূপান্তরের সম্ভবনা তৈরি হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন বলেন, ‘এই মুহুর্তে আমাদের দেশ যে সুযোগের মধ্যে দাঁড়িয়ে আছে, এমন বড় সুযোগ আর কখনোই আসেনি। অভ্যুত্থান-রক্ত প্রাণ, স্বতস্ফুর্ত নির্বাচন, সরকার গঠন, পার্লামেন্টের সক্রিয়তা কার্যকরিতা এবং সরকার প্রধান তারেক রহমানের প্রধানের যে আন্তরিকতা, তার রুটিন, চিন্তা, বক্তব্য সবকিছুর মধ্যে একটা সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমাদের রাজনীতি পরিষ্কার, আমরা জুলাই গণঅভ্যুত্থানের এই ত্যাগকে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারব, সেই বিশ্বাস আমাদের আছে।’
ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাজিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাতের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদি আলফেছানাী, অধ্যাপক ড. এস এম শামীম রেজা, অধ্যাপক ড. আমিরুস সালাতসহ অনেকে বক্তব্য রাখেন।
বাপ্পি/সা.এ


