জুলাই শহীদদের কবরের বরাদ্দের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের কবর পাকা করতে অন্তর্বর্তী সরকার প্রতিটি কবরের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। তবে তিনি বিভিন্ন স্থানে গিয়ে দেখেছেন, অনেক কবরের কোনো চিহ্নই নেই। তাঁর দাবি, বরাদ্দের সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং এ বিষয়ে সরকারের কাছে আরও তথ্য রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অধিদপ্তর গঠন ও কার্যক্রম শুরু করতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। তাঁর অভিযোগ, দলীয় পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি এবং বর্তমান সরকার তাদের গেজেটভুক্ত করার উদ্যোগ নিয়েছে।
বিএনপির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে বিএনপির বিরুদ্ধে গণহত্যা বা রাষ্ট্রবিরোধী অবস্থানের অভিযোগ নেই। তাঁর ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষ ইতিহাস মুছে ফেলতে চাইলেও দেশের মানুষ তা ভুলবে না।
গতকালের রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রসঙ্গে ইশরাক হোসেন অভিযোগ করেন, একজন সংসদ সদস্যের নেতৃত্বে ‘মব’ তৈরি করে অনুষ্ঠান বানচালের চেষ্টা করা হয়েছে। তাঁর মতে, ভিন্নমত থাকলে সভ্যভাবে প্রতিবাদ জানানো যেত। কিন্তু পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিদেশি কূটনীতিকদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
কুশল/সাএ


